কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে ৯ বন্ধুকে নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন অক্ষর সৌভিক। পরে দুপুরে তারা দরিয়ানগর এলাকার একটি সি-স্পোর্টস জোনে প্যারাসেইলিং করতে যান। প্যারাসেইলিং চলাকালে একপর্যায়ে তিনি সমুদ্রে ছিটকে পড়ে পানিতে ডুবে যান।
দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘দুপুর ২টা ১০ মিনিটে ওই পর্যটককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
এদিকে স্থানীয়দের অভিযোগ, মো. ফরিদের মালিকানাধীন দরিয়ানগর এলাকার ওই সি-স্পোর্টস প্রতিষ্ঠানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে অতীতে প্যারাসেইলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলেও কয়েকদিন পর তা আবার চালু করা হয়।
সর্বশেষ এ দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা এবং প্যারাসেইলিং পরিচালনায় নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।