নাগরিক প্রতিদিনে সংবাদ প্রকাশ
নাগরিক প্রতিদিনে সংবাদ প্রকাশের পর অবশেষে ‘১৩ বছর বয়সী সেই বাদাম বিক্রেতা শিক্ষার্থী রবিউল শেখের‘ পাশে দাঁড়িয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সংসদ সদস্যের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রবিউল শেখের বাড়িতে যায়। এসময় রবিউলের পরিবারকে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও বস্ত্র উপহার দেওয়া হয়।
এসময় ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ বলেন, ‘গত পরশু (২৮ জুলাই) নাগরিক প্রতিদিনে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি দেখার পর সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার আমাদের সহায়তা নিয়ে রবিউলের বাড়িতে আসার নির্দেশ দেন। পরে আমরা তার পক্ষে নগদ অর্থ ও অন্যান্য সহায়তা নিয়ে রবিউলের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এছাড়া সংসদ সদস্য রবিউলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন এবং সবসময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’
এর আগে গত ২৮ জুলাই ‘সংসারের খরচ চালাতে কাঁধে বাদামের ঝুলি, তবু বই ছাড়েনি রবিউল’ শিরোনামে নাগরিক প্রতিদিনে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহায়তার ঘোষণা দেওয়া হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে রবিউলের পড়াশোনার বেতন না নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া প্রতি বছর রবিউলের জন্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।