বরিশালের উজিরপুরে দুটি যাত্রীবাহী বাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মোশারফ হোসেন (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বরিশালগামী সেবা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিএমএফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ দিয়ে চলাচলরত একটি রিকশার ওপর উঠে যায়।
এতে রিকশাচালক মোশারফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুই বাস ও রিকশার যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।