পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় আব্দুস শুকুর (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে শুকুর বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাননি।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’