চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড়ের চাপে মূল মঞ্চের একটি অংশ ভেঙে পড়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে থাকা কেউ হতাহত হননি। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে অর্থমন্ত্রী পৌঁছানোর আগেই স্থানীয় নেতা-কর্মীরা মঞ্চে ভিড় করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাইকে একাধিকবার অতিরিক্ত লোকজনকে মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয়।
পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে উঠলে আরও বেশ কয়েকজন নেতা-কর্মী একসঙ্গে মঞ্চে উঠে পড়েন। এতে অতিরিক্ত ভার বহন করতে না পেরে মঞ্চের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। মুহূর্তেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ও হট্টগোলের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, ‘পুরো মঞ্চ ভেঙে পড়েনি। মঞ্চে রাখা কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অর্থমন্ত্রী ওই মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দেন এবং অনুষ্ঠান শেষ করে চলে যান।’
ঘটনার সময় মঞ্চে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ মঞ্চে উঠে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি নিজেও মাইকে বারবার অনুরোধ করেছিলাম যেন অতিরিক্ত মানুষ মঞ্চে না ওঠেন। কিন্তু অতি-উৎসাহের কারণে তা সম্ভব হয়নি। আল্লাহর রহমতে কেউ আহত হননি, সেটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়।’
ঘটনার পর এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। পরে অর্থমন্ত্রী নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।