টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও খোয়াই নদীর তীব্র স্রোতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের প্রধান প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৩৩টি গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিক এ বন্যায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গতদের উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে খোয়াই নদীর প্রবল স্রোতের চাপে লস্করপুর ইউনিয়নের প্রধান প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ভেঙে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা বাঁধ রক্ষার চেষ্টা চালালেও পানির তীব্র স্রোতের কারণে তা সম্ভব হয়নি।
শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে বন্যার পানি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৩টি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও বসতভিটা কোমর থেকে বুকসমান পানিতে তলিয়ে যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী ও বৃদ্ধরা।
দুর্যোগের শুরু থেকেই আনসার-ভিডিপি সদস্যরা ঝুঁকি নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। কোমর ও বুকসমান পানিতে নেমে তারা আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি গৃহপালিত পশুপাখি উদ্ধার এবং দুর্গতদের প্রয়োজনীয় মানবিক সহায়তাও দিচ্ছেন তারা। একই সঙ্গে বন্যাকবলিত এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের সব বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় জেলা কমান্ড্যান্ট ও উপজেলা কর্মকর্তারা মাঠপর্যায়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।
জাতীয় দুর্যোগ ও সংকট মোকাবিলায় অতীতের ধারাবাহিকতার মতো এবারও হবিগঞ্জের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।