বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার (১০ জুলাই) তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে ডা. শফিকুর রহমান সরাসরি বন্যাদুর্গত এলাকায় যান। সেখানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন ও বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব বলে জানান জামায়াত আমির। এ সময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী দল এবং সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ এবং আর্থিক সহায়তা দেন তিনি। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
দলীয় সূত্রে জানা যায়, পরে জামায়াত আমির সাতকানিয়া ও চট্টগ্রাম নগরের বিভিন্ন বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন। সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করার কথা রয়েছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।
ডা. শফিকুর রহমানের পরিদর্শনের সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।