মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নম্বর চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের হাত পা ভেঙে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষক সমাজ।
মানববন্ধনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহসভাপতি মো. গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, শিক্ষক জসিমউদ্দীন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন এবং ক্রীড়া সম্পাদক সবুজ হোসেন বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘একজন শিক্ষককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করা হলো, কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়নি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
জানা যায়, সম্প্রতি স্কুল ছুটি শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আলীনগর সস্তাল এলাকার বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং তার দুই পা ও একটি হাত ভেঙে দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি। পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লা, লিপি বেগমসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।