মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর গ্রামের পুরাতন ফেরিঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এরইমধ্যে বিলীন হয়ে গেছে নদীর তীরবর্তী প্রায় ৫০০ মিটার এলাকা। এতে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বর্ষা মৌসুম এলেই এ এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করে। তবে দীর্ঘদিন ধরে স্থায়ী কোনো নদী রক্ষা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ভাঙনের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।
জীবনে বহুবার নিজের ও পরিচিতদের ঘরবাড়ি নদীতে বিলীন হতে দেখেছেন ষাটোর্ধ হারুন মুন্সি। নাগরিক প্রতিদিনকে তিনি বলেন, ‘প্রতিবছর নদীভাঙনের আতঙ্ক নিয়ে বসবাস করি। একটি স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণ না হলে আমরা নিরাপদে থাকতে পারব না।’
স্থানীয় বাসিন্দা রহিম বেপারী বলেন, ‘বর্ষার আগেই যদি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হয়, তাহলে ভাঙনের গতি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দেরি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।’
আনেয়ার হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, ‘কয়েক দিন আগে সংসদ সদস্য এলাকা পরিদর্শন করেছেন। আমরা চাই ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।‘
এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের বলেন, ‘ভাঙনের বিষয়টি আমাদের নজরে রয়েছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। পাশাপাশি সেখানে একটি স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’