গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও রোববার (২১ জুন) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মিছিলের ওই ভিডিওতে পুলিশ সদস্যদের উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’
জানা গেছে, এদিন সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর মহানগরীর বাসন এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ওই মিছিল অনুষ্ঠিত হয়। ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় ‘শাকিল এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। এ সময় মিছিল থেকে কয়েকজনকে পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়।
এ বিষয়ে গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’
তিনি আরও জানান, ভিডিওটির সত্যতা ও ঘটনার সময়কাল নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং মিছিলের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।