মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ভোরে সীমান্তের শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় ওপার থেকে তাদের বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ফলে পুশইনের চেষ্টা নস্যাৎ হয়ে যায় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে ওপারেই সরে যেতে বাধ্য হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পুশইনের চেষ্টা করা চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের এই সীমান্তে নিয়ে আসা হয়েছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে সীমান্ত এলাকায় অস্বাভাবিক নড়াচড়া ও সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করার পর বিষয়টি দ্রুত বিজিবিকে অবহিত করা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পজিশন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর থেকেই যেকোনো ধরনের পুশইনের আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই সীমান্তের ঠিক বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। সেখান থেকেই এই অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছিল।
এ বিষয়ে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ ওই চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির টহল দলের কঠোর অবস্থানের কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি এবং ওপারেই ফিরে যেতে বাধ্য হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান আরও বলেন, ‘সীমান্তে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা নজরদারি আরও জোরদার করেছি। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো ধরনের অবৈধ পুশইন বা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।’