জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা সেই বৃদ্ধকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৫ জুন) দুপুর থেকে হাটখোলা সীমান্ত এলাকায় ওই বৃদ্ধকে আর দেখা যায়নি। এর আগে রোববার (১৪ জুন) দিনভর শূন্যরেখায় অবস্থান করানোর পর ওই বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
স্থানীয়রা জানান, রোববার সকালে বিএসএফ ওই বৃদ্ধকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। গ্রামবাসী তাকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। পরে গ্রামবাসীর সহায়তায় বিজিবি সদস্যরা বৃদ্ধকে পুশব্যাক করে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে পাঠিয়ে দেন। এরপর বিএসএফ সদস্যরা দফায় দফায় বৃদ্ধকে আবারও বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে গ্রামবাসী ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
সন্ধ্যার পর সীমান্তের লাইট বন্ধ করে ভারতীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে আবারও পুশইনের চেষ্টা চালানো হয়। কিন্তু গ্রামবাসী ও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাতেও সফল হতে পারেনি বিএসএফ। পরে রাত ৯টার পর বিএসএফ সদস্যরা বৃদ্ধকে নিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে সীমান্ত এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।
বিজিবি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে সীমান্তে সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে। পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।