মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার(১২ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ইয়েস পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।