নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামের এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে দাবি করেছে পুলিশ।
সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামারবাড়ি এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাহি ওই গ্রামের আহসান উল্লার মেয়ে এবং স্থানীয় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, সকালে রাহির বড় ভাই ও ভাবি ঘরে ছিলেন। এছাড়া তার বাবা বাইরে ও মা ছিলেন নানার বাড়িতে। ওই সময় পরিবারের সদস্যদের অগোচরে সে রান্নাঘরের আঁড়ার সঙ্গে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই সময় একটি চিরকুটে রাহি একই এলাকার ইসমাইল নামের এক যুবকের নাম লিখে যান।
খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি চিরকুটে ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’