ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বৈশামুড়া এলাকায় বেপরোয়া একটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি বাস বৈশামুড়া এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি ইজিবাইককে পাশ কাটাতে যায়। এ সময় সামনে থাকা একটি পিকআপভ্যানকে বাসটি ধাক্কা দেয় এবং সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ১০ জন গুরুতর আহত হন।
জানা গেছে, দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, বাসটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরই বাস ও পিকআপভ্যানের চালক এবং তাদের সহকারীরা পালিয়ে যান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।