জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ‘কামলা’ বলে সম্বোধন করায় শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক ব্যক্তিকে লাঠির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) বিকেল চারটার দিকে উপজেলার কাশিড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র মালী কাশিড়া শীলপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় বাজারে যাচ্ছিলেন শ্যামল চন্দ্র। এসময় পথে হাসান আলীর সঙ্গে দেখা হলে তাকে ‘কামলা’ বলে ডাকেন। এতে ক্ষিপ্ত হন হাসান। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে হাসান গাছের ডাল দিয়ে শ্যামলের মাথায় আঘাত করেন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী ধাওয়া করে হাসান আলীকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসান আলীকে থানায় নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহজাবিন বলেন, ‘শ্যামল চন্দ্র মালীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।‘
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।