গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি ট্রাক ও বাসের সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। রোববার (৭ জুন) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কোল্ড স্টোরেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের বকচর এলাকায় পূর্ব থেকেই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। রংপুরগামী শাহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় পেছনে থাকা অপর একটি ট্রাক ওই যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকে ও বাসে থাকা যাত্রী চালকসহ মোট ৭জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার ধরণ বেশ ভয়াবহ হলেও কোনো প্রাণহানি হয়নি।