হবিগঞ্জ সদর উপজেলায় ‘আর্জেন্টিনা’ বনাম ‘ব্রাজিল’-এর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০২ জুন) বিকেলে কাশিপুর গ্রামে দুই দল যুবকের মধ্যে ‘আর্জেন্টিনা’ বনাম ‘ব্রাজিল’ প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে ব্রাজিল হেরে যায়। এরপর আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ-উল্লাস শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে রাতের দিকে এলাকার বয়োজ্যেষ্ঠরা বিষয়টি মীমাংসা করেন। কিন্তু, বুধবার দুপুরে উভয়পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।