এবার হামের উপসর্গ নিয়ে জেরিন সুলতানা (২২) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া জেরিন সুলতানা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দূর্গাপুর এলাকার বাসিন্দা এবং সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে এক বছর ৭ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে এ পর্যন্ত এক নার্সসহ ৬২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
পরে অবস্থার আরও অবনতি হলে রোববার (৩১ মে) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও ওই নার্সকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।