বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে নারী পুরুষ ও শিশুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ভরতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বিএসএফের এই চেষ্টা রুখে দিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
রোববার (১ জুন) দিনগত রাত থেকে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় শতাধিক নারী-পুরুষ নিয়ে অবস্থান নেয় বিএসএফ। পরে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাধা দেন। ফলে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
সীমান্ত সূত্র জানায়, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের অনেকেই ভারতে জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। তাদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
বেনাপোলের সাদিপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী জানান, আজ ভোরে সীমান্তের একটি বাগানে বিএসএফ শতাধিক নারী-পুরুষকে জড়ো করে। পরে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেন। এতে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
মারুফ হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের যেকোনো সহযোগীতায় গ্রামবাসী পাশে থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম চলবে না।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘বিএসএস ৩টি ট্রাকে আনুমানিক ১০০ থেকে ১২০ জনের মতো লোক এনে গতকাল (৩১ মে) রাতে সীমান্তে জড়ো করেছে। তবে অবৈধভাবে যাতে তারা প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে।’