জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমের দায়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন- সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুর আলম মেম্বার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কিন্তু আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই দিন কোনো দলীয় কর্মসূচি পালন করেননি।
এতে আরও বলা হয়, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর নাম ব্যবহার করে তারা অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন। তাদের এ কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী উল্লেখ করে সংগঠনের জন্য ক্ষতিকর বলে অভিহিত করা হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুর আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিন দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশালীন নৃত্য-গান আয়েজন করেছিলেন এটা আমরা জানতাম না। পরে বিষয়টি জানতে পারি।’
জেলা বিএনপির নেতারা বলেন, ‘দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বহিষ্কৃত দুই নেতার বক্তব্য জানা যায়নি। জেলা বিএনপির এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।’
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে অংশ না নিয়ে তারা অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে মেতে উঠিছিলেন। তারা জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও জেলা বিএনপির নেতাদের নাম ভাঙিয়েছেন। এ কারণে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।