গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ১৫ দিন পর এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. হাফিজার রহমান ব্যাপারী। তিনি উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
রোববার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার জানান, গত শনিবার ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পরিবার সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে।
স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, গত ১৫ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘদিন তার কোনো খোঁজ না মেলায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে জানা গেছে, রেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত হাফিজার রহমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কীভাবে তিনি নিখোঁজ হলেন এবং কী পরিস্থিতিতে রেললাইনে দুর্ঘটনার শিকার হলেন তা এখনো স্পষ্ট নয়।