জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মারা গেছে, ধর্ষণের ঘটনা ঘটছে—এসব কিছুই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ, সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত।’ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে রোববার (৩১ মে) প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. তাহের আরও বলেন, ‘যেহেতু সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত, তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় কঠোর আচরণ করতে চাইলেও পারেন না। আমরা সংসদে এই বিষয়টা তুলে ধরব। সংসদের বাইরেও যেহেতু আমরা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, কথা বলার সুযোগ রয়েছে, এ ব্যাপারে আরও কীভাবে সচেতন ভূমিকা পালন করা যায় সেটা আলাপ করব।’
বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কিনা—এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, ‘আমরা এত তাড়াতাড়ি ব্যর্থ সরকার বলতে চাই না। কিন্তু যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে, তাহলে তাদের ব্যর্থতা মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন ব্যর্থ সরকার আমরা না বললেও মানুষ তাদের ব্যর্থ সরকার হিসেবেই ট্রিট করবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমি বিএনপি ও সরকারপ্রধানকে আহ্বান জানাব, দ্রুত সময়ের মধ্যে এসব চিহ্নিত করে সমাধান করে আমাদের উন্নয়নের দিকে যাওয়া উচিত।’
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।