কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ শিকারের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৮ মে) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদ এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নৌকার মালিক নুরুল হাকিম ও আবছার উদ্দীন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
তারা জানান, সোমবার দুপুর ১২টার দিকে জেলেরা নাফ নদে মাছ ধরছিলেন। এ সময় মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাকে ধাওয়া করে আটক করেন। পরে অস্ত্রের মুখে চার জেলেকে নৌকাসহ রাখাইনের কাইচ্যং খালের দিকে নিয়ে যান।
যেই জেলেদের নিয়ে গেছে তারা হলেন- টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মো. মনির আহমেদ (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮), মৃত আব্দুন নবীর ছেলে আব্দুল মালেক ওরফে শফা (৫০) এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)।
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, ‘নাফ নদে মাছ শিকারের সময় আরাকান আর্মির সদস্যরা আমার এলাকার চারজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘নাফ নদে মাছ শিকারের সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়য়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’