লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) ও সিআরআইর সাবেক নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ এর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাব্বির বিন শামস ভারতে চলে যান। দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর ১৬ মে তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এসময় সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির জানান, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তার কাছ থেকে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় সিআরআইর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সাব্বির বিন শামস পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার পদেও দায়িত্ব পালন করেন। ’