কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ইমামের নাম মাওলানা মোহাম্মদ ইদ্রিস। তিনি পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি করেছেন স্থানীয়রা। খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, ‘মাওলানা ইদ্রিস দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ইমামতি করে আসছিলেন। তার এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল ও বাইরে থেকে কেউ প্রবেশেরও কোনো আলামত পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।’