নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর এলাকায় বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামের এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় কৃষক লিপসন নকরেকের ছেলে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বুধবার (৬ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার পর পার্থ রাংসা পাকা ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে বন্য হাতির উপদ্রব নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।