দ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণে বাহাদুরাবাদ-বালাসী রুটকে এক নম্বর অগ্রাধিকার তালিকায় রাখা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলসহ বৃহত্তর জামালপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান এবং অবহেলিত জনপদে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শনিবার (২ মে) জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম লক্ষ্য। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার নদীভাঙন রোধে ৫৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ভাঙনরোধের কাজ শুরু হয়েছে। আগামী জুন মাসে জাতীয় বাজেট ঘোষণার পর পূর্ণোদ্যমে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু হবে।
এ সময় তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, সদস্য সচিব মো. আল মামুন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সরোয়ার আলম এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম মণ্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।