ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামে এক স্কুলছাত্রকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যায়। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে তার ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। সেখানে তাদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিয়ামকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এসময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।