মাগুরা-যশোর মহাসড়কে আবারও বেপরোয়া গতির বলি হলো এক নিরীহ প্রাণ। শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের নির্মম ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোছা. পপি খাতুন (৩৬) নামের এক প্রবাসীর স্ত্রী। রোববার (১৯ এপ্রিল) দুপুরে আড়পাড়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় যশোরগামী উসামা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার শেষে বাড়ি ফেরার পথে ব্রিজের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন পপি। এসময় দ্রুতগতিতে ছুটে আসা বাসটি বাস তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পপি খাতুন মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের রাজিবের পাড়ার গ্রামের প্রবাসী রাজ্জাক মোল্লার স্ত্রী।
রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান নাগরিক প্রতিদিন-কে জানান, মাগুরা থেকে যশোরগামী একটি লোকাল বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতি ও চালকদের দায়িত্বহীনতায় এমন দুর্ঘটনা বাড়ছে। কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের প্রাণহানি বন্ধ হবে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।