কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক ব্যক্তিরা হলেন— নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ এপ্রিল) রাতে তারা উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের নিকট দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করে। এ সময় স্থানীয় ভারতীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, দুই বাংলাদেশি নাগরিক আটক হওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে বিকেলে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।