সাতক্ষীরা শহরে তীব্র যানজট এখন নিয়মিত দুর্ভোগে পরিণত হয়েছে। অল্প দূরত্ব অতিক্রম করতেই যেখানে কয়েক মিনিট সময় লাগার কথা, সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘক্ষণ আটকে থেকে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। সবচেয়ে বেশি সমস্যা দেখা যাচ্ছে নিউমার্কেট, পাকাপোল মোড় এবং সদর হাসপাতাল এলাকার সড়কগুলোতে।
স্থানীয়দের অভিযোগ, নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করা ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান, নসিমন ও করিমন যানজটের অন্যতম প্রধান কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং। ফলে শিক্ষার্থী, চাকরিজীবীসহ জরুরি সেবায় নিয়োজিত মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় যানজটে আটকে থাকছে, যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।
শহরের ভেতরে অবস্থিত তিনটি ফিলিং স্টেশনের সামনেও প্রায়ই মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা এসব যানবাহন সড়কের একাংশ দখল করে রাখায় রাস্তা সংকুচিত হয়ে পড়ে এবং যান চলাচল আরও ব্যাহত
হয়।
নিউমার্কেট এলাকায় আটকে থাকা কলেজ শিক্ষার্থী সিয়াম হোসেন বলেন, স্বল্প দূরত্ব যেতে অনেক সময় লেগে যাচ্ছে, ফলে প্রায়ই ক্লাসে দেরি হয়ে যায়। সদর হাসপাতাল মোড়ে এক অ্যাম্বুলেন্স চালক মাহবুব আলম জানান, রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছানো জরুরি, কিন্তু যানজটের কারণে অনেক সময় বিপদের মুখে পড়তে হয়।
পাকাপোল মোড়ের ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, “যত্রতত্র পার্কিং আর অতিরিক্ত ইজিবাইকের কারণে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।
অন্যদিকে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকা যাত্রী রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। প্রচণ্ড রোদে অপেক্ষা করা অত্যন্ত কষ্টকর।’
স্থানীয়দের মতে, অবৈধ যানবাহনের নিয়ন্ত্রণ এবং ফিলিং স্টেশনগুলোর সামনে শৃঙ্খলা ফিরিয়ে না আনলে সাতক্ষীরা শহরের যানজট পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে।