সিরাজগঞ্জের নলকায় ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রেলিংয়ে আছড়ে পড়ে ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের দ্রুতগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি মহাসড়কের রেলিংয়ে আছড়ে পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২১ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দায়িত্বরত চিকিৎসকরা জানান, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।