টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের মরদেহ পৌঁছেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নিহতের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছে। নিহত পাঁচজনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
এরা হলেন, নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১১), নার্গিসের বিয়ান পাশের ছত্রগাছা গ্রামের জাকির মিয়ার স্ত্রী দোলা (৩৫), নিজপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান (৩০) ও আব্দুর রশিদের মেয়ে রিপা (২০)।
সরেজমিন ঘুরে দেখা যায়, নিহতদের বাড়িততে চলছে শোকের মতম। নিরবের বাবা হাম্বু জানান, ঈদের পরদিন বড় ছেলে নাঈমের বিয়ে দিয়ে ছোট ছেলে নীরব ও বড় ছেলে নাঈমের শাশুড়িসহ পোশাক কারখানার কাজে যোগ দিতে শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বাড়ি ছাড়েন নার্গিস।
ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নার্গিসের পরিবারের তিনজনই প্রাণ হারান। তাদের প্রতিবেশি একই গ্রামের বাসিন্দা পোশাক কারখানার শ্রমিক সুলতান (২৮) এবং রিপাও (২০) মারা যান ওই দুর্ঘটনায়। বাদ জোহর নামাজে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হবে।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত ৮টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।