টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশু ও নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান।
তিনি জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেংগর এলাকায় এলে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। তারা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন।
এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়লে, তারা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। এতে এক শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানান এসআই মিজান।