কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নাগরিক প্রতিদিন-কে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
আটক ব্যক্তিরা হলেন,ভেড়ামারা উপজেলার সিয়াম ও হিমেল এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শামসুদ্দিন আহমেদ টেলু।
পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পুলিশ বাকি তিনজনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।