পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। তবে বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, সার্ভিস লাইনের তার চুরির বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চুরি যাওয়া তার উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- মো রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোন ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনেরর তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা হল গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।