‘আমাদের লক্ষ্য হচ্ছে একটা উৎপাদন এবং বিনিয়োগ সম্পন্ন একটা অর্থনীতি গড়ে তোলা’-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন সভায় বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, ‘আমরা এক কোটি কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। আর এটা বাস্তবায়ন করতে হলে বিনিয়োগ ছাড়া কোনো উপায় নেই।’
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (১৬ মার্চ) জেলার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন পত্তন এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মো আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর অতিথিদের ফুলদিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির সেচ বিভাগের উপ-প্রধান প্রকৌশলী-০১ জনাব মো. ওবায়েদ হোসেন।
বক্তারা বলেন, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমে ফসলের উৎপাদন বাড়বে। এতে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।