ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো বিএনপি মানছে না বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি মূল সংস্কারগুলোই মানছে না, বরং নিজেদের ইশতেহার অনুযায়ী সংস্কার করতে চায়। এতে করে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপ-আলোচনা ব্যর্থ হয়ে যেতে পারে।’
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকায় ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে ইফতার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলছে। পরের অধিবেশনে তাদের কাছ থেকে আরও স্পষ্টভাবে জানতে চাওয়া হবে গণভোট বা গণরায় বিষয়ে তাদের অবস্থান কী। তাদের চূড়ান্ত অবস্থান জানার পর এনসিপিও নিজেদের চূড়ান্ত অবস্থান জানাবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এখন গণভোটের পুরো বিষয়টিই মানছে না। সরকার দলের পক্ষ থেকেও গণভোটের আদেশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অথচ ওই গণভোটে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যার মধ্যে উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, ডেপুটি স্পিকারের পদ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের বিষয় অন্তর্ভুক্ত ছিল। এগুলো গুরুত্বপূর্ণ সংস্কার এবং এ বিষয়ে একটি ঐকমত্যও গড়ে উঠেছিল।’
নব্বইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সে সময় ত্রিদলীয় জোটের রূপরেখা বিএনপি সরকারে এসে বাস্তবায়ন করেনি। ফলে সংসদীয় রাজনীতিতে সংকট তৈরি হয় ও পরে দেশে ফ্যাসিবাদের পথ তৈরি হয়। বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে, সেটি তাদেরই সিদ্ধান্ত।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড নিয়ে ইতোমধ্যে দুর্নীতি শুরু হয়েছে। তিনি ইমাম ও পুরোহিতদের ভাতা দেওয়ার বিষয়টিরও সমালোচনা করেন। তার মতে, এসব পদক্ষেপ মূল সমস্যার সমাধান নয়, বরং কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, ‘আগে চলত শেখ হাসিনার কেরামতি, এখন আল্লামা তারেক রহমানের কেরামতি। এসব ভুজুংভাজুং বন্ধ করে মৌলিক পরিবর্তন আনতে হবে, তাহলেই দেশের মানুষ শান্তি পাবে।’
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন।
এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে ও সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।
মনিরা শারমিন বলেন, ‘দেশে নতুন সরকার গঠনের পরও সংবিধান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশটা প্রধানমন্ত্রী চালাচ্ছেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী চালাচ্ছেন, তা বোঝা যাচ্ছে না।’
সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম আদীব জানান, পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ে এনসিপির ঢাকা মহানগর উত্তর নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।