রংপুরে নিজের দেড় বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর ২৮নং ওয়ার্ডের সাজাপুর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত মা সূচনা ঘোষ ও পুত্র জয়দেব ঘোষ।
পুলিশ জানায়, নগরীর সাজাপুর এলাকার শংকর ঘোষের (৪৫) স্ত্রী সূচনা ঘোষ (৪০) তার দেড় বছরের পুত্র সন্তান জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না প্যাঁচিয়ে নিজে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনাটি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পান তার দশম শ্রেণি পড়ুয়া কন্যা পুষ্পিতা ঘোষ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্বামী শংকর ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তার স্ত্রী। যে কারণে বিভিন্ন সময়ে চিকিৎসায় দেওয়া হয়েছে তার স্ত্রীকে। তার ধারণা, মানসিক সমস্যা থেকেই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মূলত অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল পরিবারটিতে। তবে পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটছে তা তদন্তের পর জানা যাবে।