টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, হৃদয় (২৩), আশুলিয়া উপজেলার জামগড়া গ্রামেরহাসান হাওলাদার ছেলে, সুমন (২০) আশুলিয়া উপজেলার তৈয়বপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে, ফরহাদ (৩০) একই উপজেলার ধনিয়া গ্রামের মৃত আবু তাহের ছেলে ও আমিনুল ইলসাম (২৪) লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরভিটা গ্রামে বাসিন্দা মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে। স্থানীয়রা তাদের আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপালপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।