বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৫-২৬’-এর স্বীকৃতি অর্জন করেছে। একই সঙ্গে এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল ‘ইনফ্লুয়েনশিয়াল বিজনেস লিডার ইন এশিয়া’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
দুবাইয়ে ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড (বিএআরসি এশিয়া) আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়।
একটি ইনডিপেন্ডেন্ট রিসার্চ প্রসেস ও এক্সপার্ট জুরি প্যানেলের মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত এই স্বীকৃতি এমজিআইয়ের উদ্ভাবন, ভোক্তা সাধারণের আস্থা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক নেতৃত্বের প্রতিশ্রুতিকে তুলে ধরে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এফএমসিজি ও নির্মাণ সামগ্রী থেকে শুরু করে জ্বালানি, হসপিটালিটি ও আর্থিক সেবা খাতসহ ৫৭টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট পরিচালনা করে আসছে এমজিআই। বর্তমানে প্রতিদিন বাংলাদেশের প্রতি দুটি পরিবারের একটি এমজিআইয়ের পণ্য ব্যবহার করে।
শিল্প খাতে এমজিআইকে এই অঞ্চলের অন্যতম প্রধান শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং বৈশ্বিক পরিসরে প্রতিষ্ঠানটির বিস্তৃত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, অবকাঠামো, ব্যাংকিং, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী নেতৃত্ব প্রদানের জন্য মোস্তফা কামাল এই সম্মাননায় ভূষিত হন।
‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ এমন সব শীর্ষস্থানীয় ব্র্যান্ডকে তুলে ধরে, যারা তাদের ঐতিহ্য, টেকসই অগ্রযাত্রা এবং উন্নত পণ্য ও সেবার সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে এবং অর্থনীতিতে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এশিয়ার ভবিষ্যৎ গড়ে তুলতে স্বনামধন্য মার্কেট লিডার ও দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড—উভয়কেই এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
দুবাইয়ে অনুষ্ঠিত আয়োজনে এমজিআই ও মোস্তফা কামালের পক্ষে এমজিআই হেড অব চার্টারিং রেমজি ইসেভার পুরস্কার গ্রহণ করেন।