সুবিধাবঞ্চিত চা-বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সুবিধা উন্নয়নে যৌথভাবে কাজ করবে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ। জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে চা-বাগান জনগোষ্ঠীর ওয়াশ-সংক্রান্ত সংকট মোকাবিলার পাশাপাশি নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনীল পান্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শাহরিয়ার জামিল খান উপস্থিত ছিলেন। অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং হেড অব ফাইন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স হালিমা আক্তার মিতুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাসরুর আরেফিন বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ মানুষের স্বাস্থ্য ও মর্যাদার জন্য অপরিহার্য। এ অংশীদারত্বের মাধ্যমে সিটি ব্যাংকের সিএসআর কার্যক্রমের নারী ও পরিবেশ—এই দুই অগ্রাধিকারকে একত্র করা হয়েছে। চা-বাগান জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনতে বাস্তবসম্মত ও জলবায়ু-সহনশীল সমাধান দেওয়ার লক্ষ্য রয়েছে।
অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনীল পান্ত বলেন, বাংলাদেশের চা-শিল্পে নারী চা-শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক চা-বাগান জনগোষ্ঠী এখনো নিরাপদ পানি ও স্যানিটেশনের দীর্ঘস্থায়ী সংকটে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ সংকট আরও প্রকট হচ্ছে। এ অংশীদারত্ব অবকাঠামো নির্মাণের পাশাপাশি মর্যাদা, অধিকার ও সহনশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
অংশীদারত্বের আওতায় চা-বাগান জনগোষ্ঠীর জন্য স্থানীয়ভাবে পরিচালিত ও টেকসই ওয়াশ সুবিধা উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো এবং নারী ও কিশোরীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।