বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’ সম্মেলনে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ সল্যুশনটি উন্মোচন করেন। ‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পখাতের নেতা, গ্রাহক, অংশীদার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্নত এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা, উন্নত জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্য কার্যক্রমের মাধ্যমে এটি এআই অবকাঠামো নির্মাণ ও পরিচালনায় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে বলে জানিয়েছে হুয়াওয়ে।
এ ছাড়া ‘অ্যাটলাস ৯৫০ সুপারপড’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ের পিরিয়াম কম্পিউটিং আর্কিটেকচারের প্রথম প্রজন্মের পণ্য হিসেবে সুপারপডভিত্তিক সুপারক্লাস্টারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ১০ লাখ প্রসেসর একসঙ্গে একটি কম্পিউটারের মতো কাজ করতে পারে।
হুয়াওয়ে একইসঙ্গে সাধারণ কম্পিউটিংয়ের জন্য ‘তাইশান ৯৫০ সুপারপড’ এবং এআই-সম্পর্কিত ডেটার ক্রমবর্ধমান চাহিদা পূরণে ‘ওশানস্টোর এম৯০০’ স্টোরেজ সল্যুশন উন্মোচন করেছে। এসব সল্যুশন ডেটা ব্যবস্থাপনা ও কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে এআইয়ের ব্যবহার ত্বরান্বিত করতে সহায়তা করবে।
হুয়াওয়ে জানিয়েছে, তাদের ক্যান (CANN) প্ল্যাটফর্মও এখন ওপেন সোর্স করা হয়েছে। এর ফলে ডেভেলপার, অংশীদার ও বৃহত্তর প্রযুক্তি কমিউনিটি এআই উদ্ভাবনে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ডেভিড ওয়াং বলেন, শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা এবং কম্পিউটিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ওপেন সোর্স ও ওপেন সিস্টেমকে এগিয়ে নিতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এআই উদ্ভাবনকে এগিয়ে নিতে অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদন, জ্বালানি, পরিবহন, জনসেবা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে বিশ্বজুড়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে।