রাজধানী ঢাকায় আগামীকাল শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন এক হাজারের বেশি দৌড়প্রেমী।
টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ও অভিজ্ঞ—সব ধরনের দৌড়বিদদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিযোগিতাটি চারটি বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগগুলো হলো- ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন।
হাতিরঝিল ঘিরে দৌড়পথ
ম্যারাথনের দৌড়পথ নির্ধারণ করা হয়েছে রাজধানীর হাতিরঝিল এলাকায়। প্রতিযোগীরা পুলিশ প্লাজা, লেক রোড ও এফডিসিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে আবার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে শেষ করবেন দৌড়। এখানেই থাকবে শুরু ও সমাপ্তির পয়েন্ট, পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ আয়োজনও।
আয়োজকদের মতে, পরিবার বা বন্ধুদের সঙ্গে সক্রিয় একটি সকাল কাটানোর পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে এই আয়োজন। একই সঙ্গে যারা প্রথমবারের মতো আনুষ্ঠানিক দৌড়ে অংশ নিতে চান, তাদের জন্যও এটি বড় সুযোগ।
বিশ্বের বিভিন্ন দেশে একযোগে আয়োজন
বাংলাদেশ ছাড়াও একই দিনে রাশিয়া, চীন, ব্রাজিল, ভেনেজুয়েলা, সার্বিয়া, বেলারুশ, তানজানিয়া, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, মরক্কো, তিউনিসিয়া, কাজাখস্তান, মালদ্বীপ, চিলি ও আর্মেনিয়াসহ বিশ্বের বহু দেশে একযোগে অনুষ্ঠিত হবে ‘ওয়ান রান’।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে বিশ্বজুড়ে প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষ অংশ নিতে পারেন। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—এক দৌড়, এক লক্ষ্য, এক বিশ্ব। ‘ওয়ান রান বাংলাদেশ’-এর টাইটেল স্পন্সর ছুটি এবং পাওয়ার্ড বাই দুরন্ত স্পোর্টস গ্যালারি।
ভোরে শুরু, সকালে পুরস্কার বিতরণ
২১.১ কিলোমিটার হাফ ম্যারাথনের মাধ্যমে ভোর ৪টায় প্রতিযোগিতা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর দৌড় অনুষ্ঠিত হবে।
দৌড় শেষে সকাল ৯টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের। এছাড়া তরুণদের মধ্যে পরিচিত মুখ ব্যারিস্টার জা্েমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে অংশ নেবেন।
বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে ‘ওয়ান রান’
রাশিয়ায় ২০১৭ সালে প্রথম শুরু হয়েছিল ‘ওয়ান রান’ হাফ ম্যারাথন। পরে ধীরে ধীরে এটি আন্তর্জাতিক আয়োজনে পরিণত হয়। বর্তমানে বিশ্বের বহু দেশে একই সময়সূচিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে রয়েছে কসমস গ্রুপ এবং সেভেন রিংস সিমেন্ট। এছাড়া হেলথকেয়ার পার্টনার জিডি অ্যাসিস্ট, ফুড পার্টনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, হাইড্রেশন পার্টনার লুগেট ডি, বেভারেজ পার্টনার ব্রুভানা, নিউট্রিশন পার্টনার সিক্সার, এইচ টু ও পার্টনার আয়ন অ্যালকালাইন ওয়াটার, ট্রাভেল পার্টনার এয়ারপিডিয়া, গিফট পার্টনার ট্যুরিজম মালয়েশিয়া, লিগ্যাল পার্টনার চেম্বার ওয়ান, কনটেন্ট পার্টনার আপসাইট বাংলাদেশ, হেলথ পার্টনার অল টাইম বান, রিফ্রেশমেন্ট পার্টনার ম্যাগি, ড্রিংকস পার্টনার কই তে এবং ড. ওয়াটার।
অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করবে ব্রডকাস্ট পার্টনার নগরিক প্রতিদিন। ‘ওয়ান রান’-এর গ্লোবাল মিডিয়া পার্টনার রাশিয়ান গণমাধ্যম তাস। এছাড়া টেলিভিশন পার্টনার যমুনা টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার ঢাকা কুরিয়ার এবং ডিজিটাল মিডিয়া পার্টনার আলাপ ও ইউএনবি।
‘ওয়ান রান’ হাফ ম্যারাথন ২০১৭ সালে রাশিয়ায় যাত্রা শুরু করে। পরবর্তীতে এটি ধীরে ধীরে বৈশ্বিক আয়োজনে পরিণত হয় এবং বর্তমানে সমন্বিত ফরম্যাটে বিশ্বের বহু দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।