জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দাখিলের মাধ্যমে বিসিএস ক্যাডারে চাকরি গ্রহণের অভিযোগে ক্যাডারের তিনজন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
অভিযুক্তদের মধ্যে দুজন বিসিএস প্রশাসন ও একজন বিসিএস পররাষ্ট্র ক্যাডারে চাকরি গ্রহণ করেন। দুদক জানিয়েছে, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুকান্ত কুন্ডু জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে সনদ যাচাইয়ে তার দাখিলকৃত অবতীর্ণ সনদটি জাল বলে প্রমাণিত হয়।
একই ধরনের অভিযোগে ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবু সালেহ মো. মুসা ও ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সঞ্জয় দাসের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা উভয়েই জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএসে আবেদন করেন এবং পরবর্তীতে সনদ যাচাইয়ে তা জাল বলে প্রমাণিত হয়।
এই অভিযোগে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।