রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৬টি মামলাও করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৯, লালবাগ বিভাগে ৪৫, ওয়ারী বিভাগে ৫০, মতিঝিল বিভাগে ৩৬, তেজগাঁও বিভাগে ৬৭, মিরপুর বিভাগে ১২৭, গুলশান বিভাগে ৩১, উত্তরা বিভাগে ৫০ ও গোয়েন্দা বিভাগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা, একটি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩.২ গ্রাম গুড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, নগদ তিন হাজার টাকা ও দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।