রাজধানীর মোহাম্মমদপুরের চাঁদ উদ্যান লাউতলা এলাকায় প্রকাশ্যে সংঘটিত এক ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত ৩ জুনের ওই ফুটেজে দেখা যায়, এক পথচারীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে একদল ছিনতাইকারী।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে সেই ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে মোহাম্মদপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামি ইমরান ওরফে ‘ইন্দুর’-কে গ্রেপ্তার করেছে তারা।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানীতে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান চালু থাকবে ও অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।