ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় জার্মান জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খাবির উদ্দিন খান। র্যালিতে অংশ নেওয়া যানবাহনগুলোতে ছিল জার্মানির জাতীয় পতাকা ও বিশ্বকাপের খেলার সূচি সংবলিত বিশেষ সাজসজ্জা। এ সময় ফুটবলপ্রেমীদের মধ্যে হাজার হাজার জার্মানির পতাকা ও জার্সি বিতরণ করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, র্যালিটি ইস্কাটন থেকে শুরু হয়ে মগবাজার, বিচারপতি ভবন, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, মধুমিতা সিনেমা হল, আরামবাগ, শাহজাহানপুর, রমনা, হাতিরঝিল, সোনারগাঁও, ফার্মগেট, জাতীয় সংসদ ভবন, ধানমন্ডি ও কলাবাগান প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জার্মানির পতাকা হাতে অনেক সমর্থক র্যালিকে স্বাগত জানান।
এ উপলক্ষ্যে খাবির উদ্দিন খান বলেন, ফুটবল এমন একটি খেলা, যা ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমারেখার ঊর্ধ্বে গিয়ে মানুষকে একসূত্রে গাঁথে। তার ভাষ্য, জার্মানি সব সময় শৃঙ্খলা, দলগত চেতনা ও লড়াকু মানসিকতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং এই মূল্যবোধগুলো তাকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে।
সোয়ান গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলা সমাজে ইতিবাচকতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়, সেই বিশ্বাস থেকেই বিশ্বকাপের বৈশ্বিক উৎসব উদযাপন এবং ফুটবলপ্রেমীদের আনন্দে শামিল হওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
খাবির উদ্দিন খান আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বিশ্বকাপকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আরও উৎসাহ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।