বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই কলকাতায় হামলার শিকার হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন জুঁই।
জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল, রাত প্রায় ১০টার দিকে নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং তার দিকে তেড়ে আসেন।
একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে বলে পোস্টে উল্লেখ করা হয়। পরে স্থানীয় কয়েকজন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন বলেও দাবি করা হয়েছিল।
এ বিষয়ে মোশাররফ করিমের স্ত্রী জানান, তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়।
এদিকে প্রিয় অভিনেতার ওপর হামলার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেতার স্ত্রীর বক্তব্যের পর স্পষ্ট হয়েছে, ঘটনাটি সত্য নয় এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে।